Ridge Bangla

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা ঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির, শঙ্কর, কাউসার, তুহিন শেখ, মনির হোসেন, আল আমিন, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার।

সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো দুপুরে কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্যান্টিনে থাকা কয়েকজনের হাত, মুখ ও পা দগ্ধ হয়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে, তা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যান্টিনের গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন