নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জালকুড়ি দশপাইপ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলে করে জালকুড়ি এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন জিলানী ও মাসুম। পথিমধ্যে দশপাইপ এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।