নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার শাহনাজ বেগমের পরিত্যক্ত নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নির্মাণাধীন বাড়ির আশপাশে রাতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা ভেতরে প্রবেশ করে সেপটিক ট্যাংকের মধ্যে মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৭–৮ দিন আগের। দীর্ঘ সময় পানির মধ্যে থাকায় দেহে পচন ধরেছে। আঙুলের ছাপ পাওয়া যাচ্ছে না, তাই মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ও পিবিআই।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ব্যক্তিরা ওই নারীকে হত্যা করে মরদেহটি সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে রেখে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।