নারায়ণগঞ্জে র্যাব-১১ এর পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে প্রায় তিন মণ গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ফেনসিডিলও জব্দ করা হয়েছে।
র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানার উত্তর ভুইঘর গিরিধারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারসহ ৬৮ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন ফতুল্লার শৈলকুড়া এলাকার শাহাবুদ্দিন (৪২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর এলাকার সুমন মিয়া (৩৫)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
একই দিন রাত ৯টার দিকে বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।