Ridge Bangla

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৬ জন

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীর একটি ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছয় শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এম এস ড্রাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন আলামিন, আজিজুল্লাহ, সেলিম মিয়া, জালাল, নাজমুল হুদা এবং নিরাপত্তা প্রহরী নুর মোহাম্মদ। তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানার নিচতলার বয়লার রুমে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ গ্যাস লাইনে লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে উপস্থিত ছয়জন শ্রমিক আগুনে দগ্ধ হন। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে এবং সবার অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও বিসিক কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের ত্রুটির কারণেই এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় শিল্প কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

This post was viewed: 42

আরো পড়ুন