মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের সহকারী জজ আদালতে তাঁদের হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা তাঁদের আটক করে। পরে তাঁদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সোমবার দুপুরে টেকনাফের নাইট্যংপাড়া এলাকার নাফ নদী সীমান্ত দিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করেন তিন ব্যক্তি। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাঁদের মধ্যে দুজন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্য পরিচয় দিয়ে দাবি করেছেন, প্রায় দুই বছর আগে তাঁরা আরাকান আর্মির হাতে আটক হন। এরপর থেকে রাখাইনের একটি ক্যাম্পে জিম্মি ছিলেন। সেখান থেকে পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে তাঁরা জানিয়েছেন।
এ ঘটনায় অনুপ্রবেশের অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় বিজিবি মামলা দায়ের করেছে।