কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া তিনটি নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ-সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
স্থানীয় জেলে সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরতে যাওয়া কয়েকটি নৌকার ওপর স্পিডবোটে করে এসে হামলা চালায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা। একপর্যায়ে অস্ত্রের মুখে তিনটি নৌকা জিম্মি করে জেলেদের মিয়ানমার সীমান্তের দিকে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সীমান্ত এলাকায় আরাকান আর্মির হুমকি ক্রমেই বাড়ছে। ফলে নাফ নদী ও তৎসংলগ্ন সাগরে মাছ ধরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে উপকূলীয় মৎস্যজীবীদের জীবিকা মারাত্মক সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে।
জেলে সমিতির তথ্য অনুযায়ী, গত দেড় বছরে সীমান্ত লঙ্ঘনের অভিযোগে চার শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জেলেকে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনো বহু জেলে ও ট্রলার মিয়ানমারের রাখাইন রাজ্যে আটক রয়েছে। সর্বশেষ ফেব্রুয়ারিতে ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়।