Ridge Bangla

নাটোরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহত হয়েছেন বুলবুলি খাতুন। ঘটনার পর অভিযুক্ত স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ ও তাঁর স্ত্রী বুলবুলি খাতুনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে তাঁদের চার বছর বয়সী সন্তানকে সামনে রেখেই আবারও দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

মা ও শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বুলবুলিকে উদ্ধার করেন। পরে তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরে গ্রামবাসীর সহায়তায় কুঞ্চীভদ্রা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়। আটকের সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন