ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে আসাম রাইফেলসের ১ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) বিকেলে নাগাল্যান্ডের চুমুকেদিমা জেলায় এ বিস্ফোরণ ঘটে। নিহত জওয়ানের নাম হাবিলদার মোহাম্মদ ইকবাল।
কোহিমার এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সুখোভি এলাকার কাছে সন্দেহভাজন বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় আসাম রাইফেলসের সদস্যরা গাড়িবহরে রাজ্যের বাণিজ্যিক কেন্দ্র ডিমাপুরের দিকে ফিরছিলেন।
চুমুকেদিমা পুলিশের ডেপুটি কমিশনার নিখো ভেনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের ধরন ও কারণ জানতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় লোকজনকে আহত কয়েকজন জওয়ানকে ব্যক্তিগত গাড়িতে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখা গেছে।
আসাম রাইফেলসকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে- এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কর্তৃপক্ষ।
এর আগে গত সপ্তাহে মণিপুরের উখরুল জেলায় আসাম রাইফেলসের একটি টহল দলের ওপর সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২ জওয়ান নিহত হন।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, চুমৌকেদিমার বোমা বিস্ফোরণ একটি কাপুরুষোচিত কাজ, যার আমাদের সমাজে কোনো স্থান নেই। ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার প্রার্থনা রইল। যারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা রাজ্যের মানুষের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে দেওয়া হবে না। হামলাকারীদের শনাক্ত এবং বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।