Ridge Bangla

নাগরিক তথ্য কেনাবেচার অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরির অভিযোগে আরমান হোসেন নামে এক অ্যাপ ডেভেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ রয়েছে, তিনি বিশেষ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের এনআইডি, ব্যাংক হিসাব ও মোবাইল কলের বিস্তারিত তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করতেন।

বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার আরমান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

এই ঘটনার সূত্রপাত গত বছরের ৯ অক্টোবর, যখন সিআইডির সাইবার মনিটরিং টিম ‘সিয়াম হাওলাদার’ নামের একটি ফেসবুক আইডিতে এনআইডি, এসএমএস লিস্ট এবং বিকাশ-রকেটের মতো এমএফএস অ্যাকাউন্টের তথ্য বিক্রির বিজ্ঞাপন দেখতে পায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) তাৎক্ষণিক অনুসন্ধান শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় ওই বছরের ১৩ অক্টোবর লক্ষ্মীপুরের কমলনগর থেকে সিয়াম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার ফোনে ‘সব এখানে’ নামক একটি রহস্যময় অ্যাপের সন্ধান পায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেন যে, এই অ্যাপ এবং নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের মাধ্যমে তিনি মানুষের গোপনীয় তথ্য সংগ্রহ ও বিক্রি করতেন।

সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বছরের ২৮ অক্টোবর খুলনা থেকে চক্রের অন্যতম মূল হোতা আল আমিনকে গ্রেপ্তার করা হয়। আল আমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, পুরো সিস্টেম এবং অ্যাপটি একজন দক্ষ প্রোগ্রামারের মস্তিষ্কপ্রসূত।

দীর্ঘ নজরদারির পর গত ৫ মে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে ওই মাস্টারমাইন্ড প্রোগ্রামার আরমান হোসেনকে গ্রেপ্তার করে সিআইডি। এ সময় তার কাছ থেকে ৩টি স্মার্টফোন, ৬টি সক্রিয় সিমকার্ড ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইডির দাবি, আরমান নিজেই এই ডিজিটাল কাঠামো তৈরি ও পরিচালনা করছিলেন। তিনি একাধিক ওয়েবসাইট ও ‘সব এখানে’ অ্যাপের মাধ্যমে সংঘবদ্ধভাবে নাগরিকদের কল ডিটেইলস এবং আর্থিক লেনদেনের তথ্য পাচার করতেন।

এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছিলেন সিআইডির উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান।

This post was viewed: 4

আরো পড়ুন