নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
সোমবার সংঘটিত এ হামলায় বন্দুকধারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, হামলাকারীরা অতর্কিতভাবে নিরীহ গ্রামবাসীর ওপর আক্রমণ চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আটজন শিশু আগুনে পুড়ে মারা যায়। এছাড়া চারজন গুরুতর আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা দেশটির নিরাপত্তার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
এদিকে কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেননি। তিনি জানিয়েছেন, তদন্তের অগ্রগতির ভিত্তিতে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।