বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গ্যা নামে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে সীমান্তের ৩৯ নম্বর পিলার থেকে প্রায় ৮০০ মিটার উত্তর-পূর্ব দিকে মিয়ানমার অংশের আরাকান আর্মি নিয়ন্ত্রিত মুরিঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, নিহত কিশোরের মা-বাবা মুরিঙ্গাঝিরি এলাকায় পাহাড়ে জুম চাষ করেন। তাদের সঙ্গে ওই এলাকায় গিয়েছিল সতনাইং তঞ্চঙ্গ্যা।
তিনি জানান, একপর্যায়ে মা-বাবা চাষের কাজে ব্যস্ত হয়ে পড়লে একটি পরিত্যক্ত মর্টার শেল নিয়ে খেলতে শুরু করে ওই কিশোর। পরে সেটি পাথরে আঘাত করলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে বর্ডার গার্ড বাংলাদেশের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আরও জানান, নিহত সতনাইং তঞ্চঙ্গ্যা নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়ি পশ্চিম পাড়া এলাকায় বসবাসরত কিংহ্লা তঞ্চঙ্গ্যার ছেলে। তার পরিবার মিয়ানমারের নাগরিক। পাঁচ থেকে ছয় বছর আগে তারা বাংলাদেশে এসে অবৈধভাবে বসবাস শুরু করে।