নরসিংদীর শিবপুর ও বেলাবো উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন এইচএসসি পরীক্ষার্থীসহ মোট ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতদের স্বজনদের তথ্য অনুযায়ী, দুপুর দেড়টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান দুই এইচএসসি পরীক্ষার্থী। তারা আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদের পরীক্ষাকেন্দ্র ছিল শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
শনিবার তাদের ব্যবসায় শিক্ষা বিভাগের মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাজনাব এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে একই দিন সকালে পুড়াদিয়া-বেলাবো সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উল্টে চালক শাওনের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জীবিকার উদ্দেশ্যে নছিমন নিয়ে মনোহরদী উপজেলা থেকে বেলাবোর দিকে রওনা দেন শাওন। রাধাখালী ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ গাড়িটির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নছিমন থেকে ছিটকে পড়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত শাওন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, দুর্ঘটনায় নছিমনের চালক নিহত হয়েছেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।