ভারতের মুম্বাইয়ে উঠতি অভিনেত্রীদের জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার মাধ্যমে সিনেমার রঙিন পর্দার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার জগতের চাঞ্চল্যকর সত্য বেরিয়ে এসেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের থানে জেলার কাশিমীরা অঞ্চলে দীর্ঘদিন ধরে এই অসামাজিক কার্যকলাপ চলছিল। অভিযোগ, আনুশকা এই চক্রের মূল হোতা। তিনি অভিনয়ের স্বপ্ন দেখানো নবাগত অভিনেত্রীদের ফাঁদে ফেলে জোর করে দেহব্যবসায় বাধ্য করতেন।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বাই পুলিশ এই তথ্য প্রকাশ করলে বিনোদন জগতে তোলপাড় সৃষ্টি হয়। বসই-ভিরা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মদন বল্লাল জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ছদ্মবেশী ক্রেতা পাঠিয়ে আনুশকাকে হাতেনাতে ধরার পরিকল্পনা করে। মুম্বাই-আমেদাবাদ হাইওয়ের ধারে একটি বিলাসবহুল মলে টাকা লেনদেনের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় আনুশকা পরিচালিত চক্রের শিকার হওয়া ভারতীয় টিভি সিরিয়াল এবং বাংলা সিনেমার দুজন অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং শারীরিক ও মানসিক সহায়তা প্রদান করা হচ্ছে।
মুম্বাই পুলিশ আশা করছে, গ্রেপ্তার আনুশকা এবং তার সহযোগীদের মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িত আরও অনেক অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হবে। এই ঘটনা বিনোদন জগতের জন্য একটি কঠিন সতর্কবার্তা হিসেবে কাজ করছে, যা নতুন ও উদীয়মান শিল্পীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে।