বাংলা নববর্ষের প্রথম দিন কৃষকদের জন্য বহুল প্রত্যাশিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ এলাকার ১৫ জন কৃষকের হাতে প্রতীকীভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়ে সকাল ১১টা ২২ মিনিটে তিনি অনুষ্ঠানের মঞ্চে পৌঁছান।
প্রথম ধাপে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এ কার্ডের আওতায় আসবেন। সংশ্লিষ্টরা জানান, ‘কৃষক কার্ড’ ব্যবহারের মাধ্যমে কৃষকরা বছরে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা, সরকারি ভর্তুকি, সহজ শর্তে কৃষিঋণ, উন্নত বীজ ও সারসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন।