নৌবাহিনীতে যুক্ত হতে যাওয়া নতুন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ৫ হাজার টন ধারণক্ষমতার ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার কিম জং উন ‘কাং কন’ নামের ডেস্ট্রয়ারে উপস্থিত থেকে এসব অস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, জলে নামানোর প্রাথমিক পর্যায়ে ‘কাং কন’ ডেস্ট্রয়ারটি দুর্ঘটনার শিকার হয়েছিল। পরে প্রয়োজনীয় কাজ শেষ করে গত বছরের জুনে পিয়ংইয়ং আনুষ্ঠানিকভাবে যুদ্ধজাহাজটির উদ্বোধন করে।
এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার ওই যুদ্ধজাহাজ থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা শনাক্ত করা হয়েছে।
ইয়োনহাপ নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এ ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, যুদ্ধজাহাজে থাকা বিভিন্ন অস্ত্রব্যবস্থার কার্যক্ষমতা যাচাই এবং যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিশ্চিত করতেই সর্বশেষ এ মহড়া পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা ও যুদ্ধ সক্ষমতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন কিম জং উন।