Skip to main content

Ridge Bangla

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান এলজিআরডি মন্ত্রীর

নতুন বাংলাদেশ বিনির্মাণে ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি এবং এই সমর্থনের ঋণ কখনো শোধ করার নয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং খুব শিগগিরই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু ও ইপিজেড (রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষকদের প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নেই সরকার এগিয়ে যাচ্ছে। গণ-অভ্যুত্থানের পর একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক আন্দোলনের আত্মত্যাগের চেতনা ধারণ করেই এগিয়ে যেতে হবে।

This post was viewed: 32

আরো পড়ুন