বলিউডের গ্ল্যামার কুইন মালাইকা অরোরা আবারও আলোচনায়, তবে এবার কোনো রিয়েলিটি শো বা ফ্যাশন ফটোশুট নয়—বরং নতুন প্রেমের গুঞ্জনের কারণে। দীর্ঘ দাম্পত্যজীবন ও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের সম্পর্কের সমাপ্তির পর এক রহস্যময় তরুণের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত এখন বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু।
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত জনপ্রিয় সংগীতশিল্পী এনরিক ইগলেসিয়াসের কনসার্টে উপস্থিত ছিলেন মালাইকা। ঝলমলে সেই আয়োজনে এক তরুণের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো ঘিরে তোলপাড় শুরু হয়েছে বলিউড মহলে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মালাইকার নতুন সঙ্গী হর্ষ মেহেতা—পেশায় তিনি একজন ডায়মন্ড ব্যবসায়ী। দুজনকে কনসার্টে দেখা যায় সাদা পোশাকে, হাস্যোজ্জ্বল ও স্বাচ্ছন্দ্যময় মুহূর্তে। সূত্রমতে, তাদের বয়সের পার্থক্য প্রায় ১৯ বছর, তবু ভালো বোঝাপড়াই তাদের সম্পর্কের মূল বন্ধন। খবরে আরও বলা হয়েছে, গত বছর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়ার পর থেকেই মালাইকা ও হর্ষের পরিচয় গাঢ় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে ঘনিষ্ঠতায় রূপ নেয় তাদের সম্পর্ক। গত জুলাইয়ে স্পেনে ছুটি কাটানোর সময়ও একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে।
যদিও মালাইকা এখনও আনুষ্ঠানিকভাবে নতুন প্রেমের বিষয়টি স্বীকার করেননি, বলিউডের অভ্যন্তরীণ মহল বলছে—এই সম্পর্কই হতে পারে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। অর্জুন-মালাইকার বিচ্ছেদের পর ভক্তরাও কৌতূহল নিয়ে তাকিয়ে আছেন, সত্যিই কি এবার ফের প্রেমে পড়েছেন মালাইকা অরোরা?