Skip to main content

Ridge Bangla

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী ধরার কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামীকে আচুড়া এলাকার আজিজ ঢালীর বাগানে ডেকে নিয়ে গিয়ে বেঁধে রাখে। পরে তাঁর মোবাইল ফোন ব্যবহার করে স্ত্রীকে টাকা ও একটি পেনড্রাইভ নিয়ে ঘটনাস্থলে যেতে বলা হয়।

ভুক্তভোগী সেখানে পৌঁছে দেখেন, তাঁর স্বামীর গলায় ছুরি ধরে বেঁধে রাখা হয়েছে। এরপর স্বামীর সামনেই তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে উদ্ধার করে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। তিনি জানান, ভুক্তভোগীর স্বামী মাদকাসক্ত। এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা, আলামত সংগ্রহ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

This post was viewed: 28

আরো পড়ুন