নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ে শামিমা আক্তার সেতু (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোটবোন মিতু খানম (১৩) আহত হয়েছে।
রোববার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার নলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেতু নলদী এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্যার মেয়ে। তিনি নলদী বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে নড়াইল শহর থেকে লোহাগড়া উপজেলার মিঠাপুর হয়ে ব্রাক্ষ্মণডাঙ্গায় নির্মাণাধীন একটি সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল ট্রাকটি। রাত ১২টার দিকে নলদী এলাকায় পৌঁছে চালক পথ ভুল করে একটি সরু সড়কে ঢুকে পড়েন। কিছুদূর এগিয়ে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের হাফিজার মোল্যার বসতঘরের ওপর উল্টে পড়ে।
এ সময় ট্রাকে থাকা পাথর ঘরের ওপর ছড়িয়ে পড়ে। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা সেতু ও মিতু পাথরের নিচে চাপা পড়ে।
চিৎকার ও বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে পাথর সরিয়ে সেতুকে মৃত এবং মিতুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে আহত মিতুকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।