নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজমিস্ত্রী আলিনুর ফকির রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে তিনি পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব ধারালো ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।