নড়াইলের কালিয়া উপজেলায় সুতা কেটে উড়ে যাওয়া ঘুড়ি আনতে গিয়ে বিলে পড়ে হুসাইন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হুসাইন ওই এলাকার সাবু শেখের ছেলে। তিনি স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে হুসাইন বিলের পাশে ঘুড়ি ওড়াচ্ছিল। একপর্যায়ে ঘুড়ির সুতা কেটে গেলে সেটির পেছনে দৌড় দেয় সে। পরে তার সমবয়সী কয়েকজন শিশু বিলের নরম মাটিতে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হুসাইনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
কালিয়া থানার উপপরিদর্শক দিবাকর সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শনের সময় হুসাইনের গলায় ঘুড়ির সুতা পেঁচানো ছিল। এছাড়া শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান, ছেলের মৃত্যুর খবর পেয়ে মালয়েশিয়াপ্রবাসী বাবা দেশে ফিরেছেন। রোববার বিকেলে হুসাইনের দাফন হওয়ার কথা রয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।