Ridge Bangla

নওগাঁয় ছেলের হামলায় রিকশাচালক বাবার মৃত্যু

নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় মাদকাসক্ত ছেলের হামলায় মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পালিয়ে গেছেন।

সোমবার (৬ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে সুমন মাদকে জড়িয়ে পড়েন। এরপর থেকে পরিবারে প্রায়ই অশান্তি ও ঝগড়া-বিবাদ লেগে থাকত। মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে স্ত্রী সুমা তাকে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফেরেন। এরপর আবারও পারিবারিক কলহের সৃষ্টি হয়।

রোববার রাত ১২টার দিকে সুমন রাগ করে বাবার পাশে গিয়ে শুয়ে পড়েন। পরিবারের সদস্যদের ভাষ্য, ঘুম না আসায় মহাতাব সরকার ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এতে সুমন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বাবাকে জোর করে ঘর থেকে উঠানে নিয়ে গিয়ে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে ইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান।

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

This post was viewed: 3

আরো পড়ুন