শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শিবপুর গ্রামে প্রায় ৪০০ বছরের পুরনো ‘জিন মসজিদ’ এখন চরম ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মসজিদটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
তালুকদার বাড়ি জামে মসজিদ নামে পরিচিত এই স্থাপনাটির নির্মাণকাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও স্থানীয়দের মতে, এর বয়স প্রায় চার শতাব্দী।
লোককথা অনুযায়ী, এক ব্যক্তি মসজিদ নির্মাণ শুরু করলেও তা শেষ হওয়ার আগেই তিনি মারা যান। পরে এক রাতেই জিনেরা এসে নির্মাণকাজ সম্পন্ন করে দেয়। এ বিশ্বাস থেকেই এটি ‘জিন মসজিদ’ নামে পরিচিতি পায়।
চার শতাংশ জমির ওপর নির্মিত চতুর্ভুজাকৃতির এ মসজিদে রয়েছে মোগল স্থাপত্যশৈলীর নিদর্শন। একটি বড় গম্বুজসহ চার কোণে ছোট মিনার রয়েছে। এখানে একসঙ্গে প্রায় ৩০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
মসজিদের তত্ত্বাবধায়ক সালাম তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বারবার আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি।
ইমাম নূর ইসলাম বেপারী জানান, এটি একটি ঐতিহাসিক নিদর্শন। এর দ্রুত সংস্কার প্রয়োজন।