Skip to main content

Ridge Bangla

ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে হার্ডওয়্যারের দোকান পুড়ে ছাই

ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়্যারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার মাদ্রাসা মার্কেট এলাকায় লাল মিয়া জেনারেল স্টোর অ্যান্ড স্যানিটারি হার্ডওয়্যারে এ দুর্ঘটনা ঘটে। এতে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, দোকানটি বন্ধ ছিল। হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। খবর পেয়ে আশপাশের মানুষ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দোকানে স্যানিটারি সামগ্রী, ফটোকপি মেশিন, হার্ডওয়্যার ও খাদ্যপণ্যের মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক বাচ্চু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুপুরে দোকান বন্ধ করে খেতে বাড়ি গিয়েছিলাম। কিছুক্ষণ পরই শুনি দোকানে আগুন লেগেছে। এসে দেখি, আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। এক মুহূর্তে জীবনের সব পরিশ্রম শেষ।”

ধামরাই ফায়ার স্টেশনের অফিসার মো. সোহেল রানা বলেন, “খবর পাওয়ার পর বিকেল তিনটার দিকে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।”

This post was viewed: 54

আরো পড়ুন