রাজধানী ঢাকার ধানমণ্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক সহপাঠীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়তে শুরু করে।
এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়। এতেও কাজ না হলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর শিক্ষার্থীরা আশপাশের গলিতে ছত্রভঙ্গ হয়ে যায়।
ধানমণ্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক বলেন, “দুই কলেজ শিক্ষার্থীর মধ্যে পূর্ববর্তী ঘটনার জের ধরে উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়, পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।”