Skip to main content

Ridge Bangla

ধাওয়ার মুখে মহাসড়কে ফেলে পালাল মাদক কারবারিরা, ইয়াবা কুড়াতে ভিড় স্থানীয়দের

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয়দের ধাওয়ার মুখে বিপুল পরিমাণ ইয়াবা ফেলে পালিয়ে গেছে সন্দেহভাজন মাদক কারবারিরা। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে থাকা ইয়াবার বড় অংশ স্থানীয় বাসিন্দা, পথচারী ও বিভিন্ন যানবাহনের চালক কুড়িয়ে নেন। এ সময় অনেক ইয়াবা চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে নষ্ট হয়ে যায়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দুটি মোটরসাইকেল থামিয়ে দুই ব্যক্তি নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়েন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা এগিয়ে গেলে তারা দ্রুত পালিয়ে যান। পরে সেখানে নীল প্লাস্টিকে মোড়ানো কয়েকটি প্যাকেট এবং সড়কজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ইয়াবা ট্যাবলেট দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জনি বলেন, ‘দুপুরের দিকে মহাসড়কে হাজার হাজার পিস ইয়াবা ছড়ানো দেখে আমরা এগিয়ে যাই। পরবর্তীতে নীল প্লাস্টিকে মোড়ানো ১০-১২টি প্যাকেট এবং রাস্তা থেকে শতাধিক পিস ইয়াবা কুড়িয়ে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করি।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি জানান, তিনি নিজেই রাস্তা থেকে প্রায় ২০০ থেকে ৩০০টি ইয়াবা কুড়িয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তবে বিপুল পরিমাণ ইয়াবা মহাসড়কে ছড়িয়ে পড়ায় অনেকগুলো চলন্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে নষ্ট হয়েছে বলেও জানান তিনি।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক অনিক জানান, ঘটনাস্থল থেকে আনুমানিক ১০০ থেকে ১৫০টি অক্ষত ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা ধাওয়ার আশঙ্কায় মাদক কারবারিরা ইয়াবার প্যাকেটগুলো মহাসড়কে ফেলে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 4

আরো পড়ুন