ফেনীর পরশুরামের বক্সমাহমুদে ধর্ষণ মামলায় দীর্ঘ তদন্ত ও ডিএনএ পরীক্ষার পর নির্দোষ প্রমাণিত হয়েছেন মক্তব শিক্ষক ও ইমাম মোজাফফর আহমদ (২৫)। ফরেনসিক প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে মামলার মূল আসামি হিসেবে ভিকটিমের বড় ভাই মোরশেদকে শনাক্ত করা হয়।
২০২৪ সালের ২৪ নভেম্বর এক কিশোরীর গর্ভধারণকে কেন্দ্র করে মোজাফফরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়। এরপর তিনি এক মাসেরও বেশি সময় কারাভোগ করেন এবং চাকরি হারান। পরে ডিএনএ পরীক্ষায় দেখা যায়, শিশুটির জৈবিক পিতা মোজাফফর নন; বরং তার বড় ভাই মোরশেদের সঙ্গে ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
তদন্তে আরও উঠে আসে, পারিবারিক গোপন অপরাধ আড়াল করতে ইচ্ছাকৃতভাবে মোজাফফরকে ফাঁসানো হয়েছিল। পরে ২০২৫ সালের মে মাসে মোরশেদ গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
চূড়ান্ত প্রতিবেদনে মোজাফফরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে মোরশেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মোজাফফর বলেন, মিথ্যা মামলায় তিনি সামাজিক, অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি ক্ষতিপূরণ দাবি করেন। পুলিশ জানিয়েছে, তদন্তে নির্দোষ ব্যক্তিকে ফাঁসানোর প্রমাণ মিলেছে।