নেত্রকোনার পূর্বধলায় নিজের ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ঘরুয়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
জানা গেছে, ভুক্তভোগী কিশোরী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। পাঁচ মাস আগে সে বাড়িতে ফিরলে কিছুদিনের মধ্যেই নিজ পিতার দ্বারা ধর্ষণের শিকার হয়। দুই মাস আগে মেয়েটি ময়মনসিংহে এক চিকিৎসকের বাসায় কাজে যোগ দেয়। সেখানে তার শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত ওই পিতা বাড়ি থেকে পালিয়ে যান। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, কিশোরী নিজে বাদী হয়ে থানায় মামলা করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করেছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।