জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যর্থতার প্রতিবাদে বুধবার গভীর রাতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে নারী শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি ছাত্রীদের বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে বটতলা এলাকা থেকে আরেকটি মিছিল বের করেন ছাত্ররা। পরে তারা নারী শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও দায়ীদের শাস্তির দাবিতে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। মিছিল শেষে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার, প্রক্টরের পদত্যাগ, প্রক্টরিয়াল বডির জবাবদিহি নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর কুইক রেসপন্স টিম গঠন এবং ক্যাম্পাসে নারী নিরাপত্তাকর্মী নিয়োগ।
ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, মঙ্গলবার রাতে পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় এক ব্যক্তি তার গলায় কাপড় পেঁচিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে পথচারীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।