ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। তীব্র আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ধ্রুপদি মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার অনুমোদন দিয়েছেন।
রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে বলা হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে ভারতের প্রেসিডেন্ট ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রেসিডেন্ট কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রহ্লাদ জোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন।”
প্রহ্লাদ যোশী কর্ণাটকের একজন লোকসভা সদস্য। বর্তমানে তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বিদ্যমান দায়িত্বের পাশাপাশি তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর প্রায় ২ মাস ধরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন ভারতীয় তরুণরা। এ দাবিতে তারা দিল্লির যন্তর মন্তরে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এদিকে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর আন্দোলন আরও তীব্র হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা ২ দিন বার্তা দিলেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকেন। শেষ পর্যন্ত শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।