Skip to main content

Ridge Bangla

ধর্মেন্দ্র প্রধানের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, উত্তপ্ত রাজ্য রাজনীতি

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করেছে বিজেপি। বিভিন্ন নিয়োগ ও শিক্ষা-সংশ্লিষ্ট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ চাওয়া হয়েছে। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টি।

রোববার (২৬ জুলাই) বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি প্রশ্ন তোলেন, পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করবেন। একই সঙ্গে তিনি জানতে চান, নৈতিকতার প্রশ্নে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল কবে হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করবেন।

বিজেপির অভিযোগ, পাঞ্জাব স্কুল এডুকেশন বোর্ডের দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট এবং কৃষি উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। পাশাপাশি পাঞ্জাব সাব-অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের গ্রুপ-বি নিয়োগ ও সম্মিলিত নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও তোলে দলটি।

এ ছাড়া নাইব তহসিলদার ও ফার্মাসি অফিসার নিয়োগ পরীক্ষায় বড় ধরনের নকল এবং এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন ইন্সপেক্টর নিয়োগের মেধাতালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগও করেছে বিজেপি।

পাঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিংও দাবি করেন, গত চার বছরে রাজ্যে ছয়টি বড় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত বেইন্স কবে পদত্যাগ করবেন? চার বছর, ছয়টি বড় প্রশ্নফাঁস, অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন ধ্বংস- তবু কোনো জবাবদিহি নেই। পাঞ্জাবের শিক্ষার্থীরা উত্তর চান, জবাবদিহি চান এবং ভালো ভবিষ্যৎ চান।”

অন্যদিকে ক্ষমতাসীন আম আদমি পার্টি অভিযোগগুলোকে ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, “গত সাড়ে চার বছরে পাঞ্জাবে একটিও প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমি নিশ্চয়তা দিচ্ছি, ভবিষ্যতেও পাঞ্জাবে কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না। এটি আমার গ্যারান্টি।”

তিনি জানান, দুটি কেন্দ্রে পরীক্ষায় নকলের ঘটনা ধরা পড়েছিল। তবে প্রশাসন মাত্র ১০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেয় এবং নকল চক্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। তার দাবি, কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি।

আম আদমি পার্টির আরেক নেতা বালতেজ পান্নুও বিজেপি ও কংগ্রেসের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, একটি ঘটনায় কয়েকজন পরীক্ষার্থী ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে নকল করার সময় ধরা পড়েছিলেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।

বালতেজ পান্নুর অভিযোগ, বিজেপি ও কংগ্রেস ইচ্ছাকৃতভাবে নকলের ঘটনাকে প্রশ্নপত্র ফাঁস হিসেবে প্রচার করছে। তার দাবি, কেন্দ্রে বিজেপি সরকারের আমলে ৯০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছিল। সেই দায় এড়াতেই দলটি এখন অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরই পাঞ্জাবকে ঘিরে নতুন এই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষাব্যবস্থায় অনিয়মের প্রতিবাদে এক মাসের আন্দোলনের পর শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়।

This post was viewed: 2

আরো পড়ুন