Skip to main content

Ridge Bangla

ধর্মীয় বিভেদ-বৈষম্যমুক্ত সমাজ গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে উদ্বুদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধী, সকল সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, এই সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। অতীতেও তার দল এই নীতিতে অটল ছিল এবং ভবিষ্যতেও ধর্মীয় মূল্যবোধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না।

সংবিধান ও মানবিক মূল্যবোধের আলোকে রাষ্ট্রের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন, রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার সমান। বিশ্বাসী হোক বা অবিশ্বাসী, বাঙালি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী- সব নাগরিক যেন দেশের সকল সুযোগ-সুবিধা সমভাবে ভোগ করতে পারে, সেটিই বর্তমান প্রশাসনের মূল নীতি।

This post was viewed: 45

আরো পড়ুন