Skip to main content

Ridge Bangla

ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলা: ১৪ জন গ্রেপ্তার, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

কলকাতার ধর্মতলায় প্রতিবাদ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, গত শুক্রবার ধর্মতলার ঘটনায় চিহ্নিত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। তার দাবি, অভিযুক্তদের সঙ্গে বিদেশি শক্তি, জামায়াতি ও মৌলবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে ককরোচ জনতা পার্টির এ ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা কেউ ছাত্র নন।

শুভেন্দু অধিকারী আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তিনি এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ১৪ জনকে আদালতে হাজির করা হলে তাদের দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার বিকেলে কলকাতার ধর্মতলার ডরিনা ক্রসিং এলাকায় বাম ছাত্রসংগঠন ও ককরোচ জনতা পার্টির উদ্যোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একটি প্রতিবাদ মিছিল বের হয়। অভিযোগ অনুযায়ী, মিছিলটি ডরিনা ক্রসিংয়ে পৌঁছালে একদল ব্যক্তি সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় বোতল নিক্ষেপে অন্তত ছয়জন সাংবাদিক আহত হন।

ঘটনার পর কলকাতার বিভিন্ন থানায় সাতটি মামলা হয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলা করেছেন আহত সাংবাদিকরা। একটি মামলা পুলিশ স্বপ্রণোদিত হয়ে দায়ের করেছে।

এদিকে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেছেন, হামলায় জড়িত ব্যক্তিরা তৃণমূলের কেউ নন। তাই এ ঘটনার দায় দলের ওপর চাপানো ঠিক হবে না।

অন্যদিকে ধর্মতলার ওই প্রতিবাদ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা।

বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, “শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

This post was viewed: 2

আরো পড়ুন