Skip to main content

Ridge Bangla

দ্বিতীয় রিফাইনারির ব্যয় ৩১ হাজার কোটি টাকা

সরকারি অর্থায়নে দেশের দ্বিতীয় তেল শোধনাগার স্থাপনের উদ্যোগে নতুন অগ্রগতি হয়েছে। ইস্টার্ন রিফাইনারি-২ প্রকল্পের নথিপত্র প্রস্তুত, টেন্ডার প্রক্রিয়া শুরু এবং অন্যান্য কার্যক্রম তদারকির জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৪২ দিনের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। প্রথমে সম্ভাব্য পরামর্শক প্রতিষ্ঠানের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হবে, এরপর চূড়ান্তভাবে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। তবে মূল প্রকল্পের টেন্ডার আহ্বান করতে আরও ছয় মাসের বেশি সময় লাগতে পারে।

জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, দেশের জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সরকার দ্বিতীয় রিফাইনারি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই এর কার্যক্রম শুরুর পূর্ণ চেষ্টা চলছে।

৩১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইস্টার্ন রিফাইনারি-২ হবে আধুনিক ইউরো-৫ মানের শোধনাগার। বছরে ৩০ লাখ টন তেল পরিশোধনের সক্ষমতা থাকবে এতে, যা বর্তমান ইস্টার্ন রিফাইনারির ১২ লাখ টনের তুলনায় অনেক বেশি।

নতুন এই রিফাইনারিতে মধ্যপ্রাচ্যের পাশাপাশি আফ্রিকা, ইরান, আলজেরিয়া, নরওয়ে ও রাশিয়ার অপরিশোধিত তেলও শোধন করা সম্ভব হবে।

This post was viewed: 18

আরো পড়ুন