Skip to main content

Ridge Bangla

দেশ ছাড়ার ইঙ্গিত গায়ক তাসরিফ খানের, হতাশ সামাজিক বাস্তবতায়

‘কুঁড়েঘর’ ব্যান্ডের জনপ্রিয় গায়ক ও সমাজকর্মী তাসরিফ খান সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে দেশত্যাগের ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছেন। দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাসরিফ বলেন, “চারপাশে এত অভিনয়, এত ভণ্ডামি… সামনাসামনি ভাই বলে জড়িয়ে ধরে, আবার পেছনে ছুরি মারে—এটা মেনে নেওয়া যায় না।”

তিনি জানান, দীর্ঘদিন ধরে দেশের জন্য কাজ করতে চাইলেও এখন পরিস্থিতি তাকে ভীষণভাবে হতাশ করেছে। “আমি যানজট নিতে পারি, এমনকি মারও খেতে পারি, কিন্তু এই নৈতিক অবক্ষয় ও দুঃসহ ভণ্ডামি সহ্য করা কঠিন,” মন্তব্য করেন তিনি।

তাসরিফ আরও বলেন, “দেশকে ভালোবাসি বলেই এসব বলছি। কিন্তু সেই ভালোবাসা যদি একতরফা হয়, তাহলে সেটা একসময় কষ্ট দেয়। হয়তো দুই-তিন বছরের মধ্যে দেশ ছেড়ে চলে যাব।” তবে কোন দেশে যাবেন বা নির্দিষ্ট সময় কবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

তাসরিফ খান তার গান ‘মধ্যবিত্ত’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘তুমি মানে আমি’, ‘ময়না রে’, ‘ব্যাচেলর’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘রাজার রাজ্যে সবাই গোলাম’সহ বেশ কিছু হিট গান তাকে তরুণদের কাছে অন্যতম প্রিয় কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি বন্যা ও দুর্যোগকবলিত এলাকায় ত্রাণসেবামূলক কাজ করে তিনি বারবার প্রশংসিত হয়েছেন।

তবে এই জনপ্রিয় শিল্পীর হতাশা প্রকাশ ও দেশ ছাড়ার ইঙ্গিত তার ভক্ত-অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা ও আলোচনার জন্ম দিয়েছে।

This post was viewed: 57

আরো পড়ুন