Ridge Bangla

দেশে মাদক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮২ লাখ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো অবৈধ মাদক ব্যবহার করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এবং নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদকের অপব্যবহারজনিত সমস্যা আরও জটিল হয়েছে। মাদকাসক্তদের সহজ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ৮টি বিভাগীয় শহরে ২০০ শয্যার মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন প্রকল্প চালু করা হয়েছে।

তিনি জানান, ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে ১ কোটি ১০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত বিধিমালা ও গাইডলাইন অনুসরণ করে পরিচালনা করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে প্রচলিত আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব হচ্ছে না। এ কারণে আইনটি সংশোধন ও যুগোপযোগী করে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই সংশোধিত আইন সংসদে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের নিজস্ব সশস্ত্র গ্রুপ রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারীদের প্রয়োজনীয় সক্ষমতা ও অবকাঠামোগত ঘাটতি রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ল্যাবরেটরির অভাবও রয়েছে। মাদকসংক্রান্ত বহু মামলা বিচারাধীন থাকায় আসামিরা সুবিধা পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকদ্রব্য-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে এখতিয়ারসম্পন্ন আদালতও থাকবে। আইন সংশোধনের পর মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, অনলাইনের মাধ্যমেও মাদক কেনাবেচা হচ্ছে। মাদক বিক্রির অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদে পরিণত করা হচ্ছে। শক্তিশালী আইনি কাঠামোর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা জানান তিনি।

আগামী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হবে। একই দিন সকাল ৮টায় মৎস্য ভবন থেকে মাদকবিরোধী র‍্যালি বের করা হবে।

This post was viewed: 5

আরো পড়ুন