Ridge Bangla

দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ তারেক রহমানের

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং তার পাশে থাকা সমর্থন ও স্বাগত জানানোর জন্য ধন্যবাদ জানান।

বিমানবন্দর ত্যাগের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে সংবর্ধনা দেন। এই সময়ে জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান এবং হাতে এক মুঠো মাটি নেন, যা প্রতীকীভাবে মাতৃভূমির প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করে।

বিমানবন্দরে তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

বিমানবন্দর ত্যাগের পর তারেক রহমান লাল ও সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে করে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট রোড) অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। পথে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। নিরাপত্তার কারণে পথে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

This post was viewed: 38

আরো পড়ুন