Ridge Bangla

দেশে আসতে এখনো ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার উদ্দেশ্যে এখনো লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কাছে ‘ট্রাভেল পাস’ আবেদন করেননি। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জানান, এ পর্যন্ত তারেক রহমানের পক্ষ থেকে কোনো আবেদন পাওয়া যায়নি।

এদিকে বিএনপির শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানায়, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হবে কি না তা নির্ধারণ করবেন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যরা। তাদের মতামতের ওপরই নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি।

সূত্রটি আরও জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে স্থানান্তরের উপযোগী হলে প্রথম অগ্রাধিকার হিসেবে তাকে লন্ডনে নেয়া হবে। সে ক্ষেত্রে তারেক রহমান সেখানেই অবস্থান করবেন। তবে দীর্ঘ ফ্লাইটের ঝুঁকি নিয়ে চিকিৎসকদের আপত্তি থাকলে তুলনামূলক নিকটবর্তী দেশ সিঙ্গাপুর বিকল্প হিসেবে প্রাধান্য পাবে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, তারেক রহমান দেশে ফিরে আসার প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন তিনি পুরোপুরি নির্ভর করছেন তার মায়ের বিদেশি মেডিকেল টিম ও চিকিৎসাসংশ্লিষ্ট বোর্ডের মতামতের ওপর।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর টানা ১১ দিন ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

This post was viewed: 40

আরো পড়ুন