প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি জবাবদিহিমূলক জাতীয় সংসদের কার্যক্রম শুরু হওয়ায় দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হয়েছে।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় ফিরে এসেছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণ করে তিনি শ্রদ্ধা জানান। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে স্বজন হারানো পরিবার ও নির্যাতনের শিকার মানুষের অবদানও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাহসী ভূমিকার মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রালগ্নে দেশের গণতন্ত্রপ্রিয় জনগণকে অভিনন্দন জানান।
ভাষণে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানও স্মরণ করেন। তিনি বলেন, দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সংসদীয় দলের নেতা হলেও প্রধানমন্ত্রী হিসেবে পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন। দল-মত নির্বিশেষে দেশের জনগণের স্বার্থ রক্ষাই তার সরকারের প্রধান লক্ষ্য।