দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় একদিনে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) নাটোর, নওগাঁ, ময়মনসিংহ, লালমনিরহাট, কুড়িগ্রাম ও জামালপুরে এসব ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই মাঠে কৃষিকাজে ব্যস্ত ছিলেন।
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরে বজ্রপাতে কৃষক আজিজ মণ্ডল (৫০) নিহত হন। বিকেলে পদ্মার চরে ফসলের জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক দিলিপ চন্দ্র বর্মণ নিহত হন। একই সময়ে নিয়ামতপুরে অনুকূল চন্দ্র মাহন্ত নামে এক কৃষক এবং ধান কাটতে আসা অজ্ঞাতপরিচয় এক শ্রমিক বজ্রপাতে প্রাণ হারান।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান কৃষক আব্দুর রশিদ (৫৫)। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্যারহাট এলাকায় ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ইউসুফ আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়। একইভাবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান ওবাইদুল ইসলাম নামে আরেক কৃষক।
অন্যদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নাজিরপুর এলাকায় ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর জীবিত ফিরে আসেননি।