Ridge Bangla

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

দেশের চারটি নদীর পানি ছয় জেলার বিভিন্ন পয়েন্টে এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দীর্ঘস্থায়ী বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (১১ জুলাই) সংস্থাটির নিয়মিত বন্যা পূর্বাভাসে এ তথ্য জানান নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

তিনি জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। এ সময় কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বাড়তে পারে। এতে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নিচু এলাকাও এ সময় প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পরিমাপ স্টেশনের মধ্যে ৫৭টিতে নদ-নদীর পানি বাড়ছে। ৬৪টি স্টেশনে পানি কমছে এবং ছয়টিতে অপরিবর্তিত রয়েছে।

এদিকে তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর কয়েকটি স্টেশনে পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন