দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার।
বুধবার (৩ জুন) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, ৩ জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলার।
এর আগে ১ জুন দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। ওই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
এদিকে সদ্য শেষ হওয়া মে মাসে প্রবাসীরা দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। একক মাসের হিসাবে এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে অর্থাৎ জুলাই থেকে মে পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৭৬ কোটি ডলার।