বাংলাদেশের কোথাও ড্রেনেজ ব্যবস্থা ২০ শতাংশের বেশি ভালো নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে চলমান সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, দেশের ড্রেনেজ ব্যবস্থা কোথাও ২০ শতাংশের বেশি ভালো নয়। দীর্ঘ ১৮ বছরের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে।
তিনি সব সড়কের উন্নয়নকাজ একযোগে শুরু না করার আহ্বান জানান। পাশাপাশি ঠিকাদারদের নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ করার নির্দেশ দেন।
ঢাকা উত্তর প্রশাসক আরও বলেন, উন্নয়নকাজ চলাকালে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।