দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) ইতোমধ্যে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। তার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে বিমানটি। নির্ধারিত সময় অনুযায়ী, ফ্লাইটটি সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান। দীর্ঘ সময় পর তার দেশে ফেরাকে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), গুলশানসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এ ছাড়া পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জনসমাগম ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে।