বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। এখনো সরকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা স্পষ্টভাবে সরকারের ব্যর্থতারই প্রমাণ। এ পরিস্থিতিতে দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নির্বাচনকালীন পরিবেশ নিয়েও শঙ্কা তৈরি হবে।
তবে নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ তুলনামূলকভাবে ভালো রয়েছে। প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলে প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে। সে সময় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্রিকেট শুধু খেলা নয়, এর সঙ্গে দেশের সম্মান জড়িত। ক্রিকেটকে অপমান করা মানে দেশকেই অপমান করা। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে বিএনপি একমত বলে জানান তিনি। ছোটখাটো বিষয় নিয়ে বিভাজন না সৃষ্টি করে জাতীয় স্বার্থে ঐক্যমত গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
তিস্তা নদী পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান ও মিউচুয়াল সম্পর্কের ভিত্তিতে আলোচনার মাধ্যমে তিস্তাসহ অভিন্ন নদীর সমস্যার সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।