দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তনের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোয় দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট নামে পরিচিত মহাসড়কজুড়ে মানুষের নজিরবিহীন সমাগম ঘটে। ঐতিহাসিক এই অভ্যর্থনায় ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
তারেক রহমান এ অভ্যর্থনায় অংশ নেওয়া সর্বস্তরের দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ঢাকা মহানগরীসহ সারা দেশের বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীদের প্রতিও তিনি ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভ্যর্থনা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্বরত সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া অভ্যর্থনা অনুষ্ঠান ও সংশ্লিষ্ট কার্যক্রম প্রচার ও কাভারেজে দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।