পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি ঈদের ত্যাগ, কোরবানি ও মানবিক মূল্যবোধের শিক্ষা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা এবং হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা বহন করে।
তিনি উল্লেখ করেন, কোরবানির শিক্ষা মানুষকে বৈষম্যহীন, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করে।
বিরোধীদলীয় নেতা বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
একই সঙ্গে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছাড়লেও এখনো বিভিন্নভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।