Ridge Bangla

দেবহাটায় বিদেশফেরত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটায় সাহানারা বেগম (৩৮) নামে বিদেশফেরত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ।

সাহানারা বেগম ওই গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী।

পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় নিজ বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে সাহানারা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে সাহানারা বেগমের স্বামী জাহিদ হোসেন মারা যান। স্বামীর মৃত্যুর পর সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে বিদেশে যান তিনি। সম্প্রতি দেশে ফিরেছিলেন সাহানারা।

তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন