Ridge Bangla

দূরপাল্লার ট্রেন ও বিমানবন্দরে আসছে ফ্রি ওয়াই-ফাই

দেশের পর্যটন খাতকে আরও বিনিয়োগবান্ধব ও আধুনিক করতে সব বিমানবন্দর এবং পর্যায়ক্রমে দূরপাল্লার ট্রেনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, এ পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সবার দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার দুটি কক্সবাজার রুটে চলাচল করছে। সরকারি হাসপাতালেও বিনামূল্যে ওয়াই-ফাই চালুর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, বিমানবন্দর, রেলস্টেশন, পর্যটনকেন্দ্র এবং দূরপাল্লার ট্রেনগুলোকে ধাপে ধাপে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনা হবে। বিদেশি পর্যটক আকর্ষণে অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

সভায় মন্ত্রী উপকূলীয় অঞ্চলে জেলেদের নিরাপত্তায় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার গুরুত্বও তুলে ধরেন। একই সঙ্গে উপজেলা পর্যায়ে ইন্টারনেট সম্প্রসারণ, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দক্ষ জনবল তৈরির বিভিন্ন প্রকল্পের কথাও জানান তিনি।

পরে বিকেলে কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন ও রেলস্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করা হয়।

This post was viewed: 10

আরো পড়ুন